মিরসরাই পৌরসভার প্রধান সড়ক বেহাল
চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্রধান সড়কটি খানাখন্দে ভরা। এতে দুর্ভোগে পড়েছে পৌরবাসী।
মিরসরাই পৌরসভার প্রধান সড়ক চাঁদপুর-গোভনীয়া সড়ক দিয়ে মিরসরাই কলেজ, মিরসরাই কামিল মাদ্রাসা, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। তা ছাড়া এই সড়ক দিয়ে মিরসরাই পৌরসভা কার্যালয় ও উপজেলার বিভিন্ন কার্যালয়ে মানুষ আসা-যাওয়া করে। এই সড়ক দিয়ে মিরসরাই কাঁচাবাজারেও যাতায়াত করেন পৌরবাসী ও ব্যবসায়ীরা।
পৌরসভার অনেক বাসিন্দা বলেন, খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলতে গিয়ে লোকজনকে দুর্ভোগে পড়তে হয়। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। উপজেলা সদরে আসা জোরারগঞ্জ এলাকার শফিউল আলম ও শাহেরখালী এলাকার নিজাম উদ্দীনের প্রশ্ন, সড়কের এই অবস্থা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে না? মিরসরাই ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে যাতায়াতের সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
পৌরসভার ব্যবসায়ী ইফতেখার হোসেন এই সড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ আশরাফ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম বলেন, এই সড়কটি ব্যবহার করতে গিয়ে তাঁরা দুর্ভোগে পড়েন। তাঁরা বলেন, প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ এই সড়ক দিয়ে উপজেলার বিভিন্ন কার্যালয়ে কাজে আসেন। তাঁরা দুর্ভোগের কথা তাঁদেরও জানান।
মিরসরাই পৌরসভার প্রকৌশলী সমর মজুমদার বলেন, চাঁদপুর-গোভনীয়া সড়কের কাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, ‘কাজটি যাতে দ্রুত শুরু করা যায়, এ ব্যাপারে আমরা খুব চেষ্টা চালাচ্ছি।’