মিরসরাইতে পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী ও কাটাছড়া ইউনিয়নের কাটাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, গত শুক্রবার রাত আটটায় বেওয়ারিশ একটি পাগলা কুকুর পূর্ব হিঙ্গুলী গ্রামের স্বদেশ দের স্ত্রী লিলু দের হাঁটুতে কামড় দেয়। এরপর কুকুরটি পর্যায়ক্রমে আরও ১১ জনকে কামড়ে আহত করে। এ ছাড়া কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের লতা নামের একটি শিশু কুকুরের কামড়ে আহত হয়। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়।আহত জীবন সেন ও লিলু দে অভিযোগ করেন, উপজেলা পর্যায়ে সরকারিভাবে ভ্যাকসিন না থাকায় তাঁরা ভ্যাকসিন নিতে পারছেন না। কারণ, চট্টগ্রাম শহরে যাওয়ার সামর্থ্য তাঁদের নেই। মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোবারক উল্ল্যা জানান, গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার বিকেল চারটা পর্যন্ত কুকুরের কামড়ে ১৩ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে কুকুরের কামড়ের ভ্যাকসিন থাকে না। এটা থাকে জেলা পর্যায়ে। সে কারণে আহত ব্যক্তিদের জেলা পর্যায়ে যোগাযোগ করতে বলা হয়েছে।