মিরসরাইতে স্বামী-স্ত্রীর হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। বৈশাখী উৎসবের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ছাত্রলীগের নামধারী কয়েকজন কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন জানান, হামলায় আহত নুরুল হক (৫৫) ও তাঁর স্ত্রী শামসুন্নাহারকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা পিটিয়ে তাঁদের হাত-পা ভেঙে দিয়েছে। নুরুল হক উপজেলার মহামায়া লেক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী।স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন পয়লা বৈশাখ উপলক্ষে মহামায়া লেকে বৈশাখী উৎসবের আয়োজন করেন। উৎসবের খরচ জোগাতে মহামায়া লেকে (সেচ প্রকল্প) চলা নৌকার মাঝি, লেক এলাকার স্থায়ী ও ভাসমান দোকানদার এবং ঠাকুরদীঘি-মহামায়া সড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। উৎসবের জন্য নুরুল হক ওরফে কেরানীর ওপরও চাঁদা ধার্য করা হয়।নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২২) বলেন, তাঁর বাবা গত বুধবার এক হাজার টাকা চাঁদা দেন। চাঁদা দেওয়ার তথ্য গণমাধ্যমের কর্মী ও বিভিন্ন সংস্থার কাছে প্রকাশ করায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ফেরদৌসসহ ছাত্রলীগের নামধারী কয়েকজন ব্যক্তি ঠাকুরদীঘি বাজারে তাঁর বাবা-মায়ের ওপর হামলা চালান। তিনি বলেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরদীঘি বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘ওই দম্পতির ওপর হামলার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’শামসুন্নাহারের ভাই রেজাউল করিম হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহত দম্পতি এখনো শঙ্কামুক্ত নন। শামসুন্নাহারকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত নুরুল হকের জ্ঞান ফেরেনি।হামলার অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ফেরদৌসের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন চাঁদা আদায় প্রসঙ্গে বলেন, ‘কাউকে জোর করা হয়নি। সবাই স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিতে রাজি হয়েছেন।’ হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে কারা এই হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, হামলার পর একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।