মিরসরাইয়ে আ.লীগের চার 'সমর্থক'কে কুপিয়েছে শিবির
চট্টগ্রামের মিরসরাইয়ে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের চার সমর্থককে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার শেখের তালুক এলাকার রিপন (২৮), ওমর ফারুক (৩১), রানা (২১) ও জামাল উদ্দীন (৫১)।
আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নিজামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপন ও রানা বলেন, তাঁরা চারজনই আওয়ামী লীগের সমর্থক। আজ সন্ধ্যায় তাঁরা নিজামপুর রেলস্টেশনে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় শিবিরের কর্মী মাঈন উদ্দিন, জাহাঙ্গীর, মোয়াজ্জেম, নাঈম উদ্দিন, কাউসার ও নবীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রিপন ও রানা আরও বলেন, কেবল আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাঁরা এই হামলার শিকার হয়েছেন।
মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তৌহিদুল ইসলাম ঘটনার সঙ্গে শিবিরের জড়িত থাকার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে শেখের তালুক এলাকার লোকজন জড়িত। দুপুরে ছাত্রলীগের সমর্থকেরা মামুন ও আজিজুল হক নামে দুজনকে পিটিয়ে আহত করার জেরেই এই হামলা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করেন।
মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা এখনো ধৈর্য ধরে আছে। তাই এ ধরনের ঘটনা ঘটছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।