মিরসরাইয়ে আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আদিবাসী এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
ওই কিশোরীর বাবা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর মেয়ে ঘরের বাইরে গিয়ে নিখোঁজ হয়। মেয়েটি ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পাড়ার লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয় জঙ্গল থেকে তাঁর মেয়েকে উদ্ধার করেন এলাকাবাসী। এরপর তাঁরা মেয়েটির কাছে জানতে পারেন তালবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীন, আলাউদ্দীন, সোহাগসহ চারজন তাকে ধর্ষণ করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেছেন। ওই কিশোরীকে আজ বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীন ও আলাউদ্দীনকে গতকাল দুপুরে মিরসরাই রেলস্টেশন এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।