মিরসরাইয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল দিবাগত রাতে গণপিটুনিতে রনি (২৭) নামের এক ডাকাত নিহত হয়েছেন। রনির বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
গতকাল দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার রনির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা জানান, ডাকাতি করে ফেরার পথে স্থানীয় লোকজন রনিকে ধাওয়া করে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা পিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) অলিউল ইসলাম জানান, রনির পকেটে থাকা মুঠোফোন থেকে তাঁর বাড়ি ও নাম সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।