মিরসরাইয়ে গৃহবধূ গণধর্ষণের শিকার
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার করেরহাট এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।
ওই গৃহবধূ বলেন, বুধবার বিকেলে তিনি তাঁর এক চাচাতো ভাইকে নিয়ে ফেনী থেকে মিরসরাইয়ের করেরহাট এলাকায় মাজার জিয়ারত করতে আসেন। ফেরার পথে করেরহাট বাজারের লক্ষ্মীছড়া সেতুর সামনে পৌঁছালে চার-পাঁচজন যুবক তাঁদের গতি রোধ করে। তাঁরা তাঁর চাচাতো ভাইয়ের দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে তাঁকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশের পাঁচটি দল করেরহাট এলাকায় অভিযান চালায়। বুধবার রাত তিনটার দিকে ছত্তরুয়া এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। তাঁকে ওই এলাকায় রেখে পালিয়ে যাওয়ার সময় মো. দিদারুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।