চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আওয়ামী লীগের চার কর্মীকে কুপিয়ে ও রগ কেটে আহত করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ছাত্রশিবির জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে তা অস্বীকার করেছে শিবির। ঘটনার পর এক জামায়াত নেতা আটক হয়েছেন।
আহত চারজন হলেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক এলাকার রিপন (২৮), ওমর ফারুক (৩১), রানা (২১) ও জামাল উদ্দীন (৫১)। উপজেলার নিজামপুর রেলস্টেশনে গত রোববার রাতে ওমর ফারুক ও রানার হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে এবং অন্য দুজনকে কুপিয়ে আহত করা হয়। ওমর ফারুক ও রানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের চিকিৎসা চলছে স্থানীয় একটি ক্লিনিকে।
আহত রিপন ও রানার ভাষ্যমতে, ঘটনার সময় তাঁরা নিজামপুর রেলস্টেশনের একটি দোকানে বসে ছিলেন। এ সময় ছাত্রশিবিরের স্থানীয় প্রায় ৫০ জন নেতা-কর্মী অতর্কিতে তাঁদের ওপর সশস্ত্র হামলা চালান।
তবে ঘটনার সঙ্গে শিবিরের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তৌহিদুল ইসলাম। তিনি দাবি করেন, রোববার দুপুরে ছাত্রলীগের সমর্থকেরা শেখের তালুক এলাকার বাসিন্দা মামুন ও আজিজুল হককে পিটিয়ে আহত করেন। সেই হামলার জের ধরে স্থানীয় কিছু লোক ওই আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা চালিয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।