মিরসরাইয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ২, আটক ৬
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন বলে বিএনপি অভিযোগ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ ১০টি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জোরারগঞ্জ থানা পুলিশ বিএনপি ও ছাত্রদলের ছয়জন নেতা-কর্মীকে আটক করে। পরে পুলিশ তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। গত বুধবার রাত প্রায় নয়টার সময় ওই সব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল বৃহস্পতিবারও বারইয়ারহাট পৌরবাজারে পুলিশ মোতায়েন ছিল।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গাজী নিজাম উদ্দীন জানান, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে বুধবার রাত প্রায় সাড়ে আটটায় ছাত্রলীগের কর্মীরা হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল হক ওরফে সোহাগ ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেনের ওপর হামলা চালান। মুহূর্তে এ সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্রদলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা আহত ছাত্রদল নেতাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিএনপির বারইয়ারহাট কার্যলয়ে ফিরে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা বিএনপির অফিসেও হামলা চালান। পরবর্তী সময় বিএনপি ও ছাত্রদল কর্মীরা সংগঠিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। তিনি জানান, এসব ঘটনা শুনে বাড়ি থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক দিদারুল আলম পরিস্থিতি শান্ত করতে পৌরবাজারে এলে জোরারগঞ্জ থানা পুলিশ তাঁকে আটক করে। পরে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক, বারইয়ারহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহন কুমার দে, ছাত্রদল কর্মী মহিউদ্দিন ও আবু সুফিয়ানকে আটক করে।
বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম জানান, এই ঘটনাটি রাজনৈতিক ঘটনা নয়। বুধবার বিকেলে ওয়াপদা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। মূলত বিএনপির অন্তর্কোন্দলে এই ঘটনা ঘটে। এখন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ছাত্রলীগের নাম জড়ানো হচ্ছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, বিএনপি ও ছাত্রদল কর্মীরা বারইয়ারহাট পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুড়সহ বিভিন্ন অপরাধ করছিল। ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দিদারুল আলম থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রাখতে বারইয়ারহাট পৌর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।