মিরসরাইয়ে তিন ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন গতকাল শুক্রবার বিকেলে প্রায় তিন ঘণ্টা চট্টগ্রামের মিরসরাইয়ে আটকে ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আরেকটি ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আনার ব্যবস্থা করা হয়। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায়।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। ট্রেনের ২১টি বগিতে কয়েক শ যাত্রী ছিল। গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে প্রভাতীর ইঞ্জিন মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনের অদূরে বিকল হয়ে যায়। পরে পাহাড়তলী থেকে আরেকটি রিলিফ ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি চট্টগ্রামে আনা হয়।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছার কথা ছিল প্রভাতী ট্রেনটির। কিন্তু রাত সাড়ে আটটায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায়।
রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহানগর প্রভাতীর ইঞ্জিনের কমপ্রেসর থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল। এ কারণে লোকো মাস্টার (চালক) ঝুঁকি না নিয়ে ইঞ্জিন বন্ধ করে দেন। এরপর আবার ইঞ্জিন চালু করলেও ত্রুটি সারেনি। পরে রিলিফ (উদ্ধারকারী) ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আনা হয়। এতে যাত্রীদের একটু সমস্যা হয়েছে।