মিরসরাইয়ে শিবির সভাপতিসহ গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ছাত্রলীগের কর্মীরা গুলি করে ও কুপিয়ে জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গুলিতে মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম, শিবিরের দুই কর্মী জাহেদুল ইসলাম ও শাহীন এবং উপজেলা জামায়াতের আমির নুরুল করিম ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল কবির জানান, জামায়াত-শিবিরের নেতারা সীতাকুণ্ডে জামায়াতের নিহত নেতা আমিনুল ইসলামের জানাজা শেষে সিএনজি অটোরিকশাযোগে ছোট কমলদহ বাজারের উদ্দেশে আসছিলেন। পথে বড় দারোগারহাট বাজার থেকে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র নেতা-কর্মীরা তাঁদের অটোরিকশাকে ধাওয়া করলে কমলদহ বাজার এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম, শিবিরের কর্মী জাহেদুল ইসলাম ও শাহীনকে গুলি করে এবং উপজেলা জামায়াতের আমির নুরুল করিমকে কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানালেও কোথায়, তা তিনি জানাননি।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, জামায়াত-শিবিরের কর্মীরা প্রথমে ছাত্রলীগের কর্মীদের ওপর আক্রমণ করেন। আক্রমণ প্রতিহত করতে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আহত হয়েছেন। অবশ্য আক্রমণে ছাত্রলীগের কর্মীরা আহত হয়েছেন কি না, তা তিনি জানাতে পারেননি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া ঘটনা শুনেছেন জানিয়ে বলেন, কেউ এখনো থানায় মামলা করতে আসেননি। তবে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।