মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলামকে অপহরণের অভিযোগে গতকাল বুধবার যুবলীগের একটি পক্ষ সড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। অপহরণের প্রায় ছয় ঘণ্টা পর পুলিশ জোরারগঞ্জ ইউনিয়নের বিষুমিয়ারহাট এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি ও অস্ত্রসহ সিরাজুল ইসলামকে উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। সিরাজুল ইসলাম একজন সন্ত্রাসী। তাঁকে বিষুমিয়ারহাট এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে একটি এলজি, দুটি গুলি, দুটি ককটেল, কয়েকটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এদিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় যুবলীগের কর্মী ফরিদুর রহমান ও আলাউদ্দিন এবং অস্ত্র রাখায় সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ভাঙচুরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
জানা গেছে, জোরারগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর এক পক্ষে টিটু-মান্না এবং অন্য পক্ষে ফরিদুর রহমান নেতৃত্ব দেন।
অভিযোগ উঠেছে, গতকাল ভোর পাঁচটার দিকে ফরিদুর রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম ব্যক্তিগত গাড়ি নিয়ে কাজে বের হলে টিটু-মান্না পক্ষের লোকজন তাঁকে অপহরণ করে।