আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামে। তাঁর নাম এরশাদুল হক টিপু (২৪)।
একই দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির নাম মো. বদরুজ্জামান। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। গত বৃহস্পতিবার আবুধাবির আল আইন সড়কের বানিয়াস এলাকায় সড়ক দুর্ঘটনায় এই দুজনসহ বিভিন্ন দেশের মোট ১২ জনের মৃত্যু হয়।
গতকাল শনিবার নিহত এরশাদুল হকের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের শোকে মা হাজেরা খাতুন ছেলের ছবি বুকে নিয়ে বিলাপ করে কাঁদছেন আর বলছেন, ‘আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরাইয়া দাও।’ পরিবারের সবার কান্নায় প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়ছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদুল হকের বাবার নাম আবদুর রহমান। দুই ছেলে তিন মেয়ের মধ্যে এরশাদুল হক চতুর্থ। পারিবারিক অভাব-অনটনের মধ্যে ছেলেকে বহু কষ্টে ২০১১ সালের আগস্টে বিদেশে পাঠান। অভাবী পরিবারে সুখের সন্ধানে তিন লাখ টাকা ঋণ করে আবুধাবি যান এরশাদুল হক। ছেলেকে বিদেশে পাঠানোর এক বছরের মাথায় আবদুর রহমান মারা যান। ২৪ জুন পবিত্র শবে বরাতের রাতে মা-বোনের সঙ্গে এরশাদুল হকের শেষ কথা হয়। ওই সময় ছোট বোন রোকসানা আক্তারের বিয়ে, মায়ের শারীরিক অবস্থাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। মাকে বলেছিলেন, ভিসার মেয়াদ বাড়িয়ে শিগগিরই দেশে আসবেন।
এরশাদুলের বোন রোকসানা আক্তার বলেন, বড় ভাই জিয়াউর রহমান সাত বছর আগে আবুধাবি যান। বেকার থাকায় ছোট ভাই এরশাদুলকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করেন। গত পাঁচ মাস বেতন না পেলেও আবুধাবি থেকে টাকা রোজগার করে দোতলা বাড়ি নির্মাণ করার আশা ছিল এরশাদুল হকের। কথা বলার সময় বোন রোকসানা কান্নায় ভেঙে পড়েন।
রোকসানা জানান, নিহত এরশাদুল হকের লাশ আগামী মঙ্গলবার দেশে আসার কথা রয়েছে।