মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাওলানা খুরশিদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমান বলেন, ‘সোমবার মাগরিবের নামাজের পর কে বা কারা আমাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্বর্ণালংকার, আসবাব, ধান-চাল, মূল্যবান কাগজপত্র—কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ পূর্বশত্রুতার জের ধরে বসতঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করলেও তিনি নির্দিষ্ট করে কারও নাম বলতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল মোস্তফা চৌধুরী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।