মিরসরাইয়ে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর প্রায় সাড়ে পাঁচটায় উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকা থেকে কাঠভর্তি ট্রাকটি জব্দ করে স্থানীয় জনতা। পরে মিরসরাই থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে যায়।
মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম জানান, গতকাল শুক্রবার ভোরে ফটিকছড়ি থেকে একটি ট্রাক অবৈধ কাঠ নিয়ে মিরসরাইয়ে আসছে—এমন খবর পেয়ে স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করে। পরে তাকে (কাউন্সিলর) খবর দেওয়া হলে তিনি মিরসরাই থানায় খবর দেন। পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, অতিরিক্ত ওজন নিয়ে আমবাড়িয়া সড়ক দিয়ে কিছু দিন ধরে কাঠবোঝাই ট্রাক যাতায়াত করছে। ফলে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই স্থানীয় জনতা অবৈধ কাঠবোঝাই যানবাহন আটকে উদ্যোগী হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ কাঠভর্তি ট্রাকটি জব্দ করে থানায় আনে। পরে মিরসরাই বন বিভাগের কাছে কাঠভতি ট্রাকটি হস্তান্তর করা হয়।
মিরসরাইয়ের রেঞ্জ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকে চিরাই করা আকাশমণি কাঠ ছিল। তবে কতটুকু কাঠ ছিল সেটা মাপার পরে বন আইনে মামলা হবে।