মিরসরাইয়ে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের বড়তাকিয়া দক্ষিণ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ১০ থেকে ১৫টি কড়ইগাছ কেটে নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ এবং যুব ও ছাত্রলীগের নেতারা গাছগুলো কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে এসব গাছ কাটা হলেও স্থানীয় প্রশাসন বা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কেউ বাধা দেয়নি।মঙ্গলবার রাত থেকে শুরু করে গতকাল বুধবার দুপুরেও চলে গাছ কাটা। এগুলোর দাম প্রায় তিন লাখ টাকা।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কাটা গাছ নছিমনে করে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এ কাজে নিয়োজিত কোনো শ্রমিকই কথা বলতে রাজি হননি। এমনকি কেউ নিজের নামও বলতে সম্মত হননি। গাছগুলো কোথায় নেওয়া হচ্ছে, তা-ও তাঁরা জানাতে অস্বীকৃতি জানান।এদিকে গাছ কাটার বিষয়ে সওজ বিভাগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সওজ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী (এসডি) সুমন কুমার সিংহ জানান, মঙ্গলবার বিকেলে গাছ কাটা শুরু হয়। খবর পেয়ে ওই সময়ই তিনি মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানকে মৌখিকভাবে বিষয়টি জানান। এরপর গতকাল বিকেলে সওজ বিভাগ চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী কিরণ চন্দ্র দাস এ বিষয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।ওসি জানান, সওজ বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে তাতে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা মিলে গাছগুলো কাটছেন। তবে এত কৌশলে তাঁরা কাজটি করছেন যে শ্রমিকেরা কেউ মুখ খুলছেন না। তাই যাঁরা গাছগুলো কেটে নিচ্ছেন, তাঁদের নাম পাওয়া যাচ্ছে না।খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম সরোয়ার উদ্দিন বলেন, ‘সওজ বিভাগ থেকে টেন্ডার নেওয়া কিছু গাছ কাটা বাকি ছিল। সেগুলোই কাটা হচ্ছে বলে শুনেছি।’ তবে কে বা কারা টেন্ডার নিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।এদিকে সুমন কুমার সিংহ জানান, ওই সড়কের কোনো গাছ টেন্ডার দেওয়া হয়নি। পুলিশ দায়িত্ব এড়াতে এ রকম দায়সারা মন্তব্য করছে।