চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুই বন কর্মকর্তাকে মারধরের ঘটনায় খইয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জাহেদ ইকবাল চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার রাতে উপজেলার বড়তাকিয়া বন বিটের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে মিরসরাই থানায় এ মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মকর্তাকে মারধর, বেআইনি আটকসংক্রান্ত অভিযোগ আনা হয়।মামলার অন্য আসামিরা হলেন নিজাম, সাজু, জাবেদ, বাচ্চু, মাসুক, মহিউদ্দিন, কামাল, ইউনুছ, তুহিন ও নুরুল আলম।গত বৃহস্পতিবার বড়তাকিয়া বিটের বনমালী মফিজুল ইসলাম ট্রেন দুর্ঘটনায় নিহত হন। ওই দুর্ঘটনা তদন্ত করতে শনিবার বন বিভাগ, রেলওয়ে পুলিশসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তদন্ত শেষে ফেরার পথে দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন খইয়াছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ ইকবাল চৌধুরী এবং তাঁর সঙ্গীরা। তাঁরা অন্যদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।মামলার বাদী বন কর্মকর্তা আশিক আহাম্মদ বলেন, ‘জাহেদ ইকবাল বিভিন্ন সময় সরকারি বনাঞ্চল থেকে গাছ কেটে নিতে চেয়েছিলেন। এ ছাড়া তিনি বনকর্মীদের সরকারি কাজে বাধা দেন, বনভূমি জবরদখল ও সামাজিক বনায়নের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এসব কাজে বাধা দিতে গেলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ এনে গত বছরের ২ আগস্ট মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (নম্বর: ৮৪) করেছিলাম।’অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা জাহেদ ইকবাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমি জামিন নেব না। যেকোনো সময় গ্রেপ্তারের জন্য প্রস্তুত আছি। একটু পরেই ওসিকে ফোন দিয়ে মিরসরাই যাব। দেখা যাক কী হয়।’ এ ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতিখার হাসান বলেন, মামলার তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আসামিদের ছাড় দেওয়া হবে না।মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, জাহেদ ইকবাল চৌধুরীর একের পর এক কৃতকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ও জেলা নেতাদের সঙ্গে কথা হয়েছে। খুব শিগগির বৈঠকে বসে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।৭ আগস্ট প্রথম আলোয় ‘মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান পেটালেন দুই বন কর্মকর্তাকে’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।