চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিবিরের কর্মীরা গত মঙ্গলবার দিবাগত রাতে আবুল খায়ের নামে আওয়ামী লীগের একজন সমর্থকের বসতঘর পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত রোববার রাতে শিবিরের কর্মীরা তাঁর ছেলে রিপনসহ ছাত্রলীগের চার কর্মীকে কুপিয়ে ও রগ কেটে গুরুতর আহত করেন।
গতকাল বুধবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক গ্রামে গিয়ে দেখা যায়, আবুল খায়েরের একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
পুড়ে যাওয়া ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে।
আবুল খায়েরের ছেলে আওয়ামী লীগের কর্মী মোহামঞ্চদ রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত রোববার তাঁদের দোকান ভাঙচুর ও তাঁর ভাই রিপনের ওপর হামলার পর থেকে শিবিরের কয়েকজন কর্মী তাঁদের বসতঘর পুড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। আতঙ্কে তাঁরা গত কয়েক দিন আশপাশের ধানখেতে রাত কাটিয়েছেন। গত মঙ্গলবার রাতেও তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। রাত প্রায় তিনটায় গ্রামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁদের খবর দেন, তাঁদের বসতঘরে শিবিরের কর্মীরা আগুন দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা শিবিরের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, শিবিরের কর্মীদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ছাত্রলীগ এ কাজ করেছে।