মিরসরাইয়ে আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর পর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার মিঠাছড়া উচ্চবিদ্যালয় মাঠে কাউন্সিলের প্রথম অধিবেশন উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বীর বাহাদুর। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদার পরিচালনায় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। এ ছাড়া মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, অধ্যাপক নুরুল আলম প্রমুখ বক্তব্য দেন।প্রথম অধিবেশন শেষে বিকেল পাঁচটায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে দ্বিতীয় অবিধেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে উত্তর জেলা আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক খান আতাউর রহমান ও বর্তমান উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হুদা সভাপতি পদে এবং চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৩৭২ জন কাউন্সিলর আগামী তিন বছরের জন্য নেতা নির্বাচন করতে ব্যালটের মাধ্যমে ভোট দেন। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কাউন্সিলরদের গোপন ভোটে খান আতাউর রহমান সভাপতি ও জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।