মিরসরাইয়ে আগুনে পুড়েছে ১৫ বসতঘর, আহত ১
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের চৌধুরীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।চার্জার লাইট বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নুরুল আমিন (৪৫) নামে একজন আহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে বিয়ের জন্য কেনা চার ভরি অলংকার ও প্রসাধনসামগ্রী।ক্ষতিগ্রস্ত সুলতান আহম্মেদ জানান, গতকাল বুধবার সকালে নুরুল আমিনের ঘরে চার্জে থাকা একটি চার্জলাইট বিস্ফোরণ হলে তাঁর ঘরে আগুন লাগে। পরে বাড়ির অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফেনী ও সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে নুরুল আমিন আহত হন। তাঁকে প্রথমে স্থানীয় মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।থেমে গেল মোমিনের বিয়ের স্বপ্ন: আজ বৃহস্পতিবার গায়েহলুদ হওয়ার কথা ছিল অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়া মোমিনুল হকের। কাল শুক্রবার বিয়ে হওয়ার কথা। বিয়ের সব প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছিল। কিন্তু আগুনে থেমে গেল মোমিনের বিয়ের স্বপ্ন।