মিরসরাইয়ে আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৫টি আদিবাসী পরিবারকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বনবিটের নাপিত্তাটিলা এলাকায় ওই আদিবাসীদের বাস। মহসিন আলী নামের এক ব্যক্তি নাপিত্তাটিলার সাত একর ৩৫ শতক জমি তাঁর নিজের দাবি করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। তিনি আদিবাসীদের ওই টিলা থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।আদিবাসীরা জানান, প্রায় ৪০ বছর আগে তাঁদের পূর্বপুরুষেরা বনবিটের ওই টিলার জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেন। বন বিভাগের জায়গা হলেও কখনো বন বিভাগের লোকজন তাদের বসবাসে বাধা দেননি। এলাকার বাসিন্দা লক্ষ্মী ত্রিপুরা (৮০), মঙ্গরং ত্রিপুরা (৪০) ও রামরায় ত্রিপুরা (৫১) জানান, চার বছর আগে থেকে মহসিন আলী নাপিত্তাটিলা তাঁর সম্পত্তি বলে দাবি করে এলাকায় প্রচারণা চালাতে থাকেন। এরপর বিভিন্ন সময় তাঁর লোকজন ওই এলাকার গাছের মৌসুমী ফলমূল লুট করে নিয়ে যেতে শুরু করে। মহসিন আলী ও তাঁর লোকজন আদিবাসীদের টিলা ছেড়ে চলে যেতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।রবীন ত্রিপুরা (৬০), বাবুল ত্রিপুরা (৬৫) ও কৃষ্ণা ত্রিপুরা (৫৫) জানান, আদিবাসী ছেলেমেয়েদের পড়ালেখার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ এক বছর আগে একটি স্কুল নির্মাণ করে দেয়। আদিবাসীদের অভিযোগ, স্কুলটি চালুর আগেই মহসিন আলী সে ঘরও দখল করে সেখানে নিজেদের লোকজনদের থাকার সুযোগ করে দিয়েছেন। ফলে প্রায় অর্ধশত আদিবাসী শিশু পড়ালেখার সুযোগ পাচ্ছে না।সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান, টিলার জায়গা যারই হোক, সরকারি নিয়ম হচ্ছে বসবাসকারীদের অন্যত্র পুনর্বাসন না করে ভিটে ছাড়া করা যাবে না। তা ছাড়া তারা তো পিছিয়ে পড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। তাদের ব্যাপারে সরকার আরও বেশি সহানুভূতিশীল।বড়তাকিয়া বনবিট অফিস সূত্রে জানা গেছে, নাপিত্তাটিলা এলাকায় সরকার সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ২০০০-০৩ সালে ১৩০ হেক্টর, ২০০৩-০৪ সালে ২০০ হেক্টর, ২০০৪-০৫ সালে ১২৫ হেক্টর, ২০০৫-০৬ সালে ১৮৮ দশমিক ১৪ হেক্টর এবং ২০০৬-০৭ সালে ৬৪ হেক্টর জায়গায় বনায়ন করে। নাপিত্তাটিলার প্রায় সব আদিবাসী পরিবার ওই বনায়নের উপকারভোগী সদস্য।বনবিট সূত্র আরও জানায়, আদিবাসীদের বসবাস থাকায় নাপিত্তাটিলায় সরকারি বনায়নের কোটি কোটি টাকার গাছ লুটপাট করতে পারছে না চোরাকারবারীরা। তাই আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।মহসিন আলী তাঁর বিরুদ্ধে আদিবাসীদের বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রায় ৪০ বছর আগে আমার বাবা জায়গাটি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছেন। ওয়ারিশ সূত্রে আমিই ওই জায়গার মালিক। আমি সেখানে বনায়ন করতে চাই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে আদিবাসীদের চুক্তি হয়েছে। আগামী বছরই তাদের ওই জায়গা ছাড়তে হবে।’বড়তাকিয়া বনবিটের বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহাম্মদ জানান, নাপিত্তাটিলা বন বিভাগের সম্পত্তি। মহসিন আলী ওই টিলার সাত একর ৩৫ শতক জায়গা বন্দোবস্তসূত্রে মালিক দাবি করলেও এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।তবে এ প্রসঙ্গে মহসিন আলী বলেন, ‘জানি না, বন বিভাগ এসব কথা কেন বলছে। নিশ্চয়য়ই বন বিভাগের কোনো স্বার্থ আছে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুজ্জামান বলেন, ‘পুনর্বাসন ছাড়া আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না। পরিবার-পরিজন নিয়ে পাহাড় ছেড়ে তারা কোথায় যাবে?’মিরসরাই নৃতাত্ত্বিক সমবায় সমিতির সভাপতি সাধনচন্দ্র ত্রিপুরা ও সাধারণ সম্পাদক হরিসাধন ত্রিপুরা জানান, নাপিত্তাটিলার আদিবাসীদের পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। তাঁরা এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।