মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারহাট বাজারের ‘সাগরিকা বোর্ডিং’ নামের ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানার পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন (৫৫)। তিনি মুরগির ব্যবসায়ী ছিলেন। তাঁর বাসা চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায়।
পুলিশ জানায়, বোর্ডিংয়ের নিবন্ধনখাতায় ব্যবসায়ীর নাম লেখা হয় শফিকুর রহমান। ঠিকানা দেওয়া হয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ মেরকোট গ্রামের।
নিহত ব্যক্তির ছেলে রাকিবুল হাসান ও শ্যালক শওকত হোসেন প্রথম আলোকে বলেন, গত শনিবার বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। বিকেলে তাঁর সঙ্গে শেষ কথা হয় মুঠোফোনে। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি মিরসরাই কেন এসেছেন তা বুঝতে পারছেন না। তাঁরা বলেন, ব্যবসা নিয়ে অনেকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ প্রথম আলোকে বলেন, বোর্ডিংয়ের নিচতলার ৩ নম্বর কক্ষে ভাড়া নেন জসিম। গতকাল সকাল নয়টা পর্যন্ত কক্ষের দরজা বন্ধ থাকায় বোর্ডিংয়ের কর্মচারীরা দরজা ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। তিনি বলেন, পরে পুলিশের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে দেখা যায় খাটের ওপর লাশ পড়ে রয়েছে। বুক থেকে নাভি পর্যন্ত কাটা ছিল। লাশের পাশে ছুরি পাওয়া গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় বোর্ডিংয়ের মালিক, ব্যবস্থাপকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান।