মিরসরাইয়ে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে লুডু খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত হয়ে হাসপাতালে ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম দিদারুল আলম। তিনি ২০০৪ সালের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের গঠিত কমিটির সদস্য।গত সোমবার দিবাগত রাত একটায় চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দিদারুল মারা যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে এলাকায় ছাত্রলীগের দুটি পক্ষ একে অপরকে দায়ী করে মহড়া, পাল্টা মহড়া দিচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগের একটি পক্ষকে দায়ী করা হলেও স্থানীয় আওয়ামী লীগ দাবি করছে, বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দিদারুলকে হত্যা করেছে। জানা গেছে, ১০ মার্চ বেলা তিনটায় জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকায় লুডু খেলা নিয়ে ছাত্রলীগের কর্মী দিদারুল আলম ও শহিদুল ইসলাম সুমনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের নেতৃত্বে সাত যুবক দিদারুল ও তাঁর তিন ভাইয়ের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় আহত হন চার সহোদর। তাঁরা হলেন দিদারুল আলম (২৬), সাইফুল আলম (২০), জাহাঙ্গীর আলম (৪০) ও খুরশীদ আলম (২৭)। তাঁদের মধ্যে গুরুতর আহত হন দিদারুল। এরপর তাঁকে চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে গত সোমবার দিবাগত রাত একটায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার পুলিশ শহিদুল ইসলাম সুমন ও নুরুল হুদা নামের দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। তাঁরা ছাত্রলীগের সক্রিয় কর্মী। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী হাসান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।এ বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন নিহত দিদারুল আলমকে ছাত্রলীগের কর্মী দাবি করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক আবদুর রউফ জানান, ১০ মার্চ নিহত দিদারুলের ছোট ভাই বাদী হয়ে মিরসরাই থানায় সাতজনকে দায়ী করে একটি মারামারির অভিযোগ দায়ের করেছিল। বর্তমানে তা হত্যা মামলা হিসেবে থানায় অন্তর্ভুক্ত করা হয়েছে।