মিরসরাইয়ে আড়াই হাজার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সামাজিক বিরোধের জের ধরে বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার বিকেলে উপজেলা করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার ঠরারটিলায় এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিকেরা।ক্ষতিগ্রস্ত বাগানের মালিক গোলাম মোস্তাফা অভিযোগ করেন, উপজেলার হিংগুলি ইউনিয়নের মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ অলিনগর এলাকার উত্তর ইসলামপুর বায়তুল্লা জামে মসজিদের ইমাম মাওলানা ইউনুছ ও মসজিদ কমিটির সম্পাদক মিন্টুর সামাজিক বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে মহিউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে গোলাম মোস্তাফা, মিন্টু, আব্বাস উদ্দিন ও জাহাঙ্গীরের মালিকানা বাগানের আকাশমনি, ইউক্যালিপটাস, কাঁঠাল, আম, জাম, জলপাইসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ কেটে ফেলে। গোলাম মোস্তাফা জানান, চার বছর আগে বাগানে গাছগুলো লাগানো হয়েছিল। চার বছরে গাছগুলোর পেছনে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন।গতকাল শনিবার সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত বাগান মালিকেরা প্রশ্ন করেন, মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে। কিন্তু গাছগুলো কী অপরাধ করেছে। এ ছাড়া গাছের মালিকদের সঙ্গে অভিযুক্ত মহিউদ্দিনের কোনো শত্রুতা নেই বলে দাবি করেন তাঁরা।স্থানীয় বাসিন্দা বেবি আক্তার, রবিউল হক, আবুল হোসেন ও মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেলে মহিউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন লোক ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গাছগুলো কেটে ফেলে। এ সময় সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় লোকজন পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাগান মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, বাগান নষ্ট করে ফেলার ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ত্তুতি চলছে। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোলোয়ার হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা বাগানের গাছ কেটে ফেলার ব্যাপারে শুনেছি।’ বাগানগুলো তিনি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন তিনি।