মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান পেটালেন দুই বন কর্মকর্তাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুলিশের সামনেই এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর সমর্থকেরা বন বিভাগের দুজন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।আহত বন কর্মকর্তারা হলেন চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ইউসুফ ও মিরসরাইয়ের বড়তাকিয়া বনবিটের বিট কর্মকর্তা আশিক আহম্মদ।আশিক আহম্মদ গতকাল প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিট কার্যালয়ের মালি মফিজুল ইসলাম ট্রেনের নিচে পড়ে মারা যান। গতকাল তিনি নিজে, রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক (ওসি) আবু তাহের খান ও চট্টগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ইউসুফ মফিজুলের মৃত্যুর ঘটনা তদন্তে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। তিনি বলেন, তদন্ত শেষ করে ফেরার পথে নয়দুয়ার এলাকায় খইয়াছড়ার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে ফজলুল হক, ইমু, ইউনুছ, সাজু, নেজামসহ ৪০-৫০ জন তাঁদের পথ রোধ করেন।পুলিশ ও বন কর্মকর্তারা ইউপি চেয়ারম্যানের অনুমতি না নিয়ে কেন তাঁর এলাকায় তদন্ত করছেন, তা তিনি জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে তাঁরা কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করেন। তাঁরা আশিক আহম্মদ ও এসিএফ ইউসুফকে মারতে মারতে খইয়াছড়া ইউপি কার্যালয়ে নিয়ে যান। সেখানেও নিয়ে তাঁদের পেটানো হয়।আশিক অভিযোগ করেন, তাঁদের মারধর করার সময় চেয়ারম্যান চিৎকার করে বলতে থাকেন, ‘আমার অনুমতি না নিয়ে কিসের তদন্ত?’ এ সময় চেয়ারম্যান জাহেদ ইকবাল এসিএফ মো. ইউসুফের দাড়ি টেনে ধরে তাঁকে গালাগাল করতে থাকেন বলেও আশিক অভিযোগ করেন।আশিক বলেন, মালি মফিজের মৃত্যুর তদন্তের বিষয়টি অজুহাত ছিল। আসলে সামাজিক বনায়নের একটি প্রকল্প ইউপি চেয়ারম্যানকে বরাদ্দ না দেওয়ায় তিনি এই হামলা করেন।এসিএফ মো. ইউসুফ বলেন, ‘মাররধরের কথা বাদ দেন ভাই, জীবন নিয়ে বেঁচে এসেছি এটাই বড় কথা।’জিআরপি পুলিশ পরিদর্শক মো. আবু তাহের খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লোকজন বেশি থাকায় তিনি অসহায় ছিলেন। পরে কৌশলে দুই কর্মকর্তাকে ঘটনাস্থল থেকে তিনি উদ্ধার করে নিয়ে আসতে পেরেছেন বলে তিনি জানান।খইয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনপ্রতিনিধি হয়ে সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলা শোভনীয় হয়নি। তবে খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকাবাসীর অভিযোগ, বিট কর্মকর্তা আশিকের অত্যাচার সইতে না পেরে মফিজ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাই আশিককে পেয়ে তাঁরা মারধর করেছেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) ইফতেখার হাসান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা অবহিত হয়েছে। আহত সরকারি কর্মকর্তারা চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।