মিরসরাইয়ে ইউপি নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ১১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে কয়েক দফা হামলায় ১১ জন আহত হয়েছেন।বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় ইউনিয়নের রোকোন্দিপুর, আজমপুর বাজারসহ বিভিন্ন স্থানে তাঁর কর্মীদের ওপর লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে হামলা করা হয়েছে। এতে তাঁর কর্মী জসীম উদ্দীন, নুরুল হুদা (মাস্টার), মহিউদ্দিন, ইমাম হোসেন, মো. মহিউদ্দিন, আবদুর রহিম, আবু তাহের, আবুল খায়ের, সাইফুল ইসলাম, নুরুল হুদা ও নূর নবী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে নুরুল হুদাকে (মাস্টার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘নিজেরাই হামলা চালিয়ে এখন অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।