চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় থেকে পুলিশের উদ্ধার করা নারীর গলাকাটা লাশের পরিচয় পাওয়া গেছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, নিহত ওই নারীর নাম সীমা আক্তার। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট ইউনিয়নের মাধবপুর নাড়ুয়াপাড়া গ্রামের মৃত আবু জাফরের মেয়ে। তাঁর মায়ের নাম রোকেয়া বেগম। সীমার স্বামীর বাড়ি মিরসরাইয়ের বারইয়াহাট পৌরসভায়। তবে তদন্তের স্বার্থে তাঁর স্বামীর বাড়ির ঠিকানা গোপন রাখা হচ্ছে।
তিনি জানান, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। সীমার মা রোকেয়া বেগমের দাবি, যৌতুকের জন্য সীমার স্বামী আবুল কালাম ওরফে রাজু সীমাকে খুন করেছে।
তিনি মুঠোফোনে বলেন, গত বছর নিজেদের পছন্দে আবুল কালাম ও সীমা বিয়ে করে। বিয়ের পর থেকে আবুল কালাম যৌতুকের জন্য সীমাকে চাপ দেয়। গত মে মাসে স্বামীর অত্যাচারে সংসার ছেড়ে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি নেয় সীমা। চলতি মাসে আবুল কালাম ক্ষমা চেয়ে সীমাকে বাড়ি নিয়ে যায়।
গত সোমবার সীমা তাঁর মাকে ফোনে বলেছিল, ‘মা, আমি চলে আসব। রাজু আমাকে আবার মারধর শুরু করেছে।’
রোকেয়া বেগম বলেন, ‘পাষণ্ডটা আমার মেয়েকে গলা কেটে হত্যা করেছে।’ গত মঙ্গলবার সোনাপাহাড় থেকে সীমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।