মিরসরাইয়ে এএসআই হত্যায় ব্যবহূত রক্তমাখা ছুরি ও লুঙ্গিসহ দুজন আটক
চট্টগ্রামের মিরসরাইয়ে গত শনিবার রাতে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন নিহত হওয়ার ঘটনায় রক্তমাখা ছুরি ও লুঙ্গিসহ দুজনকে আটক করেছে পুলিশ।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বেরাহান উদ্দিন নিহত হওয়ার ঘটনায় গতকাল রোববার হত্যা মামলা করেছেন থানার এসআই মোহাম্মদ মুসা। এতে উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ ওমর ফারুক ওরফে পারভেজ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাত একটার দিকে ওসমান গনি নামের একজনকে আটক করা হয়। পরনে রক্তমাখা লুঙ্গি দেখে আটক করার পর তাঁর কাছে একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। পরে ভোর পাঁচটার দিকে পাশের বদ্ধভবানী এলাকা থেকে সিরাজুল ইসলাম ওরফে টিপু নামের আরও একজনকে আটক করা হয়।ওসি হুমায়ন কবির জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর গতকাল রোববার প্রথমে জেলা পুলিশ লাইন ও পরে মিরসরাই থানায় জানাজার পর বোরহানের লাশ নোয়াখালীর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। বোরহান উদ্দিন নোয়াখালীর সুধারাম উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।এএসপি রুহুল আমিন জানান, থানা থেকে কোনো পুলিশ কর্মকর্তার আসামি ধরতে বা যেকোনো কাজে যাওয়ার আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। আসামি ধরার সময় দুই পুলিশ কর্মকর্তার কাছে কোনো অস্ত্রও ছিল না। তা ছাড়া পারভেজকে ধরার জন্য কোনো গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এএসপি রুহুল আমিন।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মাদক ব্যবসায়ী ও তিনটি মাদক মামালার আসামি উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ ওমর ফারুক ওরফে পারভেজকে গ্রেপ্তার করতে তিনি এএসআই বোরহানকে নিয়ে অভিযানে যান। এ সময় ছুরিকাঘাতে বোরহান নিহত হন।