মিরসরাইয়ে এক আদিবাসীকে গুলি করে ও কুপিয়ে হত্যা
মিরসরাইয়ের গহিন পাহাড়ে নিলয় কান্তা চাকমা (৪২) নামের এক আদিবাসীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ বন বিটের সাতমারা টিলায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ভোরে জোরারগঞ্জ থানার পুলিশ ওই আদিবাসীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসী জানায়, ওই রাতে সাড়ে নয়টা অথবা ১০টা নাগাদ পাহাড়ে হঠাৎ একটি গুলির শব্দ হয়। এ সময় স্থানীয় লোকজন গিয়ে দেখে পাহাড়ের পাশে একটি খালে কান্তার রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর তারা পুলিশে খবর দেয়।জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, নিহত কান্তা চাকমার ডান হাতের বগলে গুলির চিহ্ন এবং ঘাড়ে ধারালো চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড়ের আঘাতটি অনেক বড়। তিনি সাতমারা টিলার এনামুল হকের বাগানে কাজ করতেন। নিলয় কান্তা চাকমা মানিকছড়ি উপজেলার লক্ষ্মীছড়া গ্রামের সনাতন চাকমার ছেলে।নিলয় কান্তা চাকমা যে বাগানে থাকতেন সে বাগানের অংশীদার মো. এনামুল হক বলেন, ‘আমরা ১০ জন সরকারের কাছ থেকে ১০ একর পাহাড়ি ভূমি পেয়েছি আবাদ করার জন্য। প্রতিদিন ৩০০ টাকা মজুরির ভিত্তিতে কান্তা বাগানে কাজ করতেন। যখন আমাদের বাগানে কাজ থাকত না, তখন তিনি অন্য কোনো স্থানে কাজ করতে পারতেন। এসব সুযোগ-সুবিধার কারণে তিনি রাতে আমাদের বাগানে থাকতেন। তাঁর সঙ্গে স্ত্রী, সন্তানসহ আরও চারজন আদিবাসী পাশাপাশি থাকতেন। তাঁর কোনো শত্রু থাকতে পারে, এটা বিশ্বাস হয় না।’জোরারগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুটি কারণে নিলয় কান্তা চাকমা খুন হতে পারেন। প্রথমত, বন বিভাগের কেউ কাঠচোর মনে করে তাঁকে গুলি করতে পারে। দ্বিতীয়ত, মানিকছড়িতে অনেক শান্তি বাহিনীর বসবাস। সেখানকার কোনো ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। না হয় সহায়-সম্বলহীন এই মানুষকে খুন করার কোনো কারণ থাকতে পারে না।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় নিলয় কান্তা চাকমার স্ত্রী দৃষ্ট চাকমা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।