মিরসরাইয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১
মিরসরাইয়ে সুজাউল হক (৫১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
এ সময় নিহত ব্যক্তির ছেলে মো. রাজীবুল হক (২৩) আহত হয়েছেন। নিহত সুজাউল হকের বাড়ি ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহত সুজাউল হকের ছেলে মো. রুবেল উদ্দীন জানান, বাঁশখালী গ্রামের সুজাউল হকের সঙ্গে একই এলাকার নাছির উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সুজাউল হক ও তাঁর ছেলে রাজীব আবুরহাটে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে নাছির উদ্দিন, বশির উদ্দিন, তাঁদের ভাতিজা ইউছুপ ও অজ্ঞাতনামা আরও সাত-আটজন সুজাউল হকদের পথরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে সুজাউল হককে কোপ দিলে ঘাড় থেকে মাথা প্রায় পৃথক হয়ে যায়। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে রাজীবও আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সুজাউল হক ও তাঁর ছেলেকে মাস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুজাউল হককে মৃত ঘোষণা করেন এবং আহত রাজীবের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।
ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের পর নিহত ব্যক্তির জানাজা গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সম্পন্ন হয়েছে। এর আগে গ্রামের উত্তেজিত লোকজন নাছির উদ্দীনের বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন।