মিরসরাইয়ে কারখানায় আগুন, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে নাহার এগ্রো গ্রুপের মিরসরাই পোলট্রি ফার্ম লিমিটেডে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরসরাই পোলট্রি ফার্ম লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ফাইম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর কারখানার প্রায় ১৫০ জন শ্রমিক আগুন নেভানোর চেষ্টা চালান। একই সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এরই মধ্যে ১৪ টন গমের ভুসি, সাত টন সয়াবিন ও ১২ টন সয়ামিলসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কারখানার সাতজন কর্মকর্তা ও শ্রমিক আহত হন। তাঁদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানার কর্মকর্তাদের দাবি, অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানার উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, শত্রুতার কারণে কেউ কারখানায় আগুন দিয়েছে। এই ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, কেউ আগুন লাগিয়ে দিতে পারে কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।