মিরসরাইয়ে কিছু কেন্দ্রে গোলযোগ
ভোট শুরুর প্রথম ঘণ্টা ফাঁকা ছিল বেশির ভাগ কেন্দ্র। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। দুপুরের পর থেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমানের সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্র দখল ও প্রকাশ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে। মিরসরাইয়ের ৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
একজন মন্ত্রীর সমর্থনপুষ্ট মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন এখানে প্রার্থী। বিএনপির প্রার্থী উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের অভিযোগ, আওয়ামী লীগের এ দুই প্রার্থী কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নিয়েছেন। তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু হয়নি।
বেলা দুইটায় মিঠানালা রামসুন্দর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে একজন ভোটার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘শ খানেক লোক কেন্দ্রে হামলা করছে। আমরা একটি কক্ষের মধ্যে আটকা পড়েছি। দ্রুত আসেন।’ পৌনে তিনটার দিকে এ কেন্দ্রে ঢোকার সময় সাংবাদিকেরা দেখেন লাঠি হাতে যুবকেরা কেন্দ্র ছেড়ে যাচ্ছেন। ৭ নম্বর কক্ষে তখনো আটকা ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা। আঁখি নামের একজন ভোটার কক্ষের জানালায় উঁকি মেরে বলেন, ‘হামলা থেকে বাঁচতে ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।’ পাশের ৬ নম্বর কক্ষের দরজার একাংশ তখনো নিচে পড়ে আছে। ভাঙচুরের চিহ্ন কেন্দ্রের সামনের মাঠেও।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শ খানেক লোক জয় বাংলা স্লোগান দিয়ে এ হামলা চালান। এ সময় তাঁরা আতাউর রহমান ও হেলিকপ্টার প্রতীকের নামে স্লোগান দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদল কুমার পাল বলেন, প্রায় ৫০-৬০ জন যুবক প্রকাশ্যে এসে ২০-৩০টি ব্যালট পেপারে সিল মেরেছেন।
হামলার সময় পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবু ছালেহ বলেন, ‘শ খানেক লোক লাঠি নিয়ে হামলা করেছে। এ সময় আমরা ব্যালট পেপার রক্ষার চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য বার্তা পাঠাই। অতিরিক্ত পুলিশ সদস্যরা আসার পর আবার ভোট গ্রহণ শুরু হয়।’
বামনসুন্দর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুরে কয়েকটি বুথ দখল করে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সমর্থকেরা ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। কেন্দ্রের ৬ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সলিল চন্দ্রনাথ বলেন, কয়েকজন যুবক হুমকি দিয়ে জোর করে ব্যালট ছিনিয়ে সিল দেন। এ সময় পুলিশের সাহায্য পেতে বের হতে চাইলে তাঁরা বাধা দেন। তবে তাঁরা ১০-১২টির বেশি ব্যালট পেপার বাক্সে ফেলতে পারেননি। এ ঘটনার পর সেখানে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে এসে পৌঁছালে ভোট গ্রহণ শুরু হয়।
প্রিসাইডিং কর্মকর্তা রতন কুমার দে বলেন, জোর করে যাঁরা ব্যালট পেপারে সিল দিয়েছেন, তাঁরা ভোট দিতে পারেননি। এ রকম ৫২টি ব্যালট পেপার জব্দ করা হয়েছে। এগুলো বাতিল করা হবে। জব্দ করা ব্যালট পেপারে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকে সিল মারা দেখা যায়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে সিল মারা দেখা গেছে।
এ দুটি কেন্দ্র ছাড়াও করেরহাট উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্র, ঘোড়ামারা বৌদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রের আশপাশে ভোটারদের বাধা দেওয়ার খবর পাওয়া যায়। তবে প্রায় ৮০ শতাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে শেখ আতাউর রহমান বলেন, ‘আমার কোনো কর্মীকে এমন নির্দেশনা দেওয়া হয়নি। বিজয় ছিনিয়ে নিতে এটা প্রতিপক্ষ প্রার্থীর (বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন) অপ্রপচার।’
ভোট শেষ হওয়ার পর উপজেলা সদরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, ‘মন্ত্রীর সমর্থনপুষ্ট প্রার্থীর কর্মীরা ২০-২৫টি কেন্দ্র দখল করেছে। এসব কেন্দ্রে আমি জয়লাভ করলেও পুনর্নির্বাচন দাবি করছি।’