মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশুশিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার উপজেলার মিঠাছরা ও মিঠানালা এলাকায় পাগলা কুকুর কামড়ে তাদের আহত করে। এদের মধ্যে শিক্ষার্থীসহ ১৫ জনের নাম পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে মিঠাছরা এলাকার মো. আলাউদ্দীন (১২), মো. সাব্বির হোসেন (৬) ও আছিয়া খাতুন (৪৫); দুর্গাপুর এলাকার বিবি আমেনা (২৯) ও মো. কাউসার (৪) কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম সদরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।অপরদিকে মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ধূম ও মধ্য মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দীন জানান, মিঠানালা গ্রাম এবং তাদের বিদ্যালয়ের শিশুশ্রেণীর আবির দাশ (৪), প্রথম শ্রেণীর নাঈমা নিবরাজ (৭) ও ওমর ফারুক (৭), দ্বিতীয় শ্রেণীর জেনি আক্তার (৮), তৃতীয় শ্রেণীর নাঈমা আক্তার, পঞ্চম শ্রেণীর সাদ্দাম হোসেন (১০), ষষ্ঠ শ্রেণীর আনজুমান আজাদী, মিঠানালা গ্রামের শেখ মনোয়ার হোসেন (৩২), নুরুল ইসলাম (৬৫), কাজী জুবায়ের (২) কুকুরের কামড়ে মারাত্মক আহত হয়। তাদের মধ্য থেকে চারজনকে মিরসরাই সদরের বেসরকারি হাসপাতাল মাতৃকায় চিকিৎসা দেওয়া হয়েছে।মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, কুকুরের ভ্যাকসিনের মূল্য অনেক। কিন্তু সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যায় না। তিনি দাবি জানান, বিনা মূল্যে পাগলা কুকুরের কামড়ের ভ্যাকসিন যেন উপজেলা এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গরিব রোগীদের দেওয়া হয়।মিরসরাইয়ের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তবারক উল্লাহ জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন (প্রতিষেধক) পাওয়া যায় না। তাই আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম শহরের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তারা ফ্রি ভ্যাকসিন নিতে পারবেন। মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন জানান, মিরসরাইয়ের যেকোনো ইউনিয়নে পাগলা কুকুরের সন্ধান পেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই পাগলা কুকুর মেরে ফেলতে হবে।