মিরসরাইয়ে ক্ষতিপূরণ না দিয়ে খাল খনন নিয়ে উত্তেজনা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ক্ষতিপূরণ না দিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর খাল খনন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শনিবার খালের খননকাজ বন্ধ করে দিয়েছে জমির মালিকেরা।খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে গত বৃহস্পতিবার থেকে জোরারগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় দুই কিলোমিটার দীর্ঘ খালটি খননের কাজ শুরু করে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট করপোরেশন (বিএডিসি)। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, শুষ্ক মৌসুমে ইরি চাষসহ কৃষকের সুবিধার কথা বিবেচনা করে এ খাল খননের উদ্যোগ নেওয়া হয়।গতকাল সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ৩০ ফুট চওড়া ও ১৫ ফুট গভীর করে খালটির প্রায় এক কিলোমিটার খননকাজ শেষ হয়েছে। এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক মধুসূদন দে, সঞ্জয় দাশসহ বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন, জমির মালিকদের সঙ্গে যোগাযোগ না করে এবং কাউকে কিছু না জানিয়ে কৃষি জমির ওপর দিয়ে খাল খননের কাজ শুরু করা হয়। এ জন্য জমির মালিকদের কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি। তাই গতকাল তাঁরা খননকাজ বন্ধ করে দিয়েছেন।জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুকছুদ আহম্মদ জানান, এর সঙ্গে ইউনিয়ন পরিষদের কোনো সম্পর্ক নেই। বিএডিসি কোন প্রক্রিয়ায় খালটি খনন করছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।মিরসরাই বিএডিসির তদন্ত কর্মকর্তা বিপুল দত্ত জানান, স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করেই খালটি খননের কাজ শুরু হয়। এর জন্য জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। জমির মালিকেরা চাইলে খাল খনন করা হবে, না চাইলে খাল খনন বন্ধ করে দেওয়া হবে।