মিরসরাইয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় গতকাল বুধবার ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ মোশাররফ হোসেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগে একাধিকবার হামলা-সংঘর্ষও হয়েছে।উভয় পক্ষের কর্মীরা গতকাল বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিজামপুর এলাকায় মহড়া দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিজামপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত নাজিম নামের একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষে সাংসদ সমর্থকদের নেতৃত্ব দেন নিজামপুর কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাঈদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, নিজামপুর কলেজে নয়ন নামে তাঁদের এক কর্মীকে মারধর করেছে তুহিনের (উপজেলা চেয়ারম্যান সমর্থক) ছেলেরা। তারা উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হকের ছোট ভাই আজিমের ওপরও হামলা চালায়। পরে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হলে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ অস্বীকার করে গিয়াস উদ্দিন সমর্থকদের নেতৃত্বদানকারী নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বলেন, ১ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে মোশাররফ হোসেন-সমর্থিত প্যানেল নির্বাচিত হওয়ার পর তাঁর অনুসারীরা দুই দফা তাঁদের ওপর হামলা চালায়। গতকালও তারা অতর্কিতে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।সরেজমিনে দেখা গেছে, উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহড়া দিচ্ছে। উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।মিরসরাই থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ এমকে ভূঁইয়া গতকাল রাত সাড়ে আটটায় জানান, পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন ও অভি রায় নামে দুজনকে আটক করা হয়েছে।