মিরসরাইয়ে খালের মুখ ভরাট করলেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া খালের মুখ ভরাট করছেন যুবলীগের উপজেলা কমিটির সদস্য হুমায়ুন কবির। এতে খালের মুখ সংকুচিত হয়ে চলতি বর্ষায় মিরসরাই পৌরসভা ও মিরসরাই সদর ইউনিয়নের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় কৃষকদের অনেকে জানান, খালটির মুখে মাটি ভরাটকাজ বন্ধ করা না গেলে প্রায় ১০ হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হবে এবং বিভিন্ন ইউনিয়নের ৩০টির বেশি গ্রাম বর্ষা মৌসুমে প্লাবিত হবে। ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাইয়ের মহামায়া প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই প্রকল্পের বর্ধিত অংশ হিসেবে মহামায়া খালের মিরসরাই অংশও খনন করা হয়। এখন ওই খালের মুখে মাটি ফেলে ভরাট করায় স্থানীয় লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, মিরসরাই সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অছিমিয়া সেতুসংলগ্ন মহামায়া খালের মুখের একটি খালি জায়গা হুমায়ুন কবির শ্রমিক নিয়োগ করে মাটি দিয়ে ভরাট করছেন। ২০ দিন আগে তিনি মাটি ভরাটের কাজ শুরু করেন। খালি জায়গায় মাটি ভরাট করতে গিয়ে খালের পানিপ্রবাহের মুখের কিছু অংশও তিনি দখল করে নিয়েছেন।স্থানীয় লোকজন জানান, খালের মুখ ভরাটের খবর পেয়ে মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান ও পৌর কাউন্সিলর কিছুদিন আগে ঘটনাস্থলে যান এবং ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দেন। ১০ জুন উপজেলা ভূমি কার্যালয় থেকে একজন কর্মকর্তা এসে মৌখিকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেন। ওই দিন থেকে কাজ বন্ধ রাখা হয়।মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমঞ্চদ চৌধুরী বলেন, মহামায়া খাল দিয়ে বর্ষা মৌসুমে মিরসরাই ইউনিয়ন ও মিরসরাই পৌরসভায় জমে থাকা পানি প্রবাহিত হয়। খালের মুখ দখলের ফলে ইউনিয়ন ও পৌরসভার আবুনগর, নয়াপাড়া, মিঠাছড়া, উত্তর তালবাড়িয়া, মধ্যম তালবাড়িয়া, দক্ষিণ তালবাড়িয়া, গড়িয়াইশ, আমবাড়িয়াসহ প্রায় ৩০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেবে। মহামায়া খালের পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এর পাশেই ঢাকা-চট্টগ্রাম রেললাইন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি খালের মুখ দিয়ে সরতে না পারলে মহাসড়ক ও রেলসড়ক দিয়ে যোগাযোগ ব্যাহত হবে। আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির দাবি করেন, তিনি ক্রয়সূত্রে মহামায়া খালসংলগ্ন ২৯ শতক জমির মালিক। তিনি ওই জমির মধ্য থেকে আট শতক জনস্বার্থে খালের জন্য ছেড়ে দিয়েছেন। বাকি জমি তিনি মাটি দিয়ে ভরাট করছেন। খাল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকলে তিনি আরও কিছু জমি ছেড়ে দেবেন। মাটি ভরাটকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম জানান, খালের মুখ ভরাটের খবর পেয়ে ১০ জুন ভূমি কার্যালয় থেকে একজন সার্ভেয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই সার্ভেয়ার মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এখন কাজ বন্ধ রয়েছে। তিনি ঢাকায় একটি প্রশিক্ষণে আছেন। এলাকায় ফিরে তদন্ত করে ব্যবস্থা নেবেন।মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আশরাফ হোসেন জানান, সরকারি খালের মুখে মাটি ভরাট জনস্বার্থবিরোধী কাজ। ব্যক্তিমালিকানার জমি হলেও খালের পানিপ্রবাহের স্থানে কেউ মাটি ভরাট করতে পারে না। মাটি ভরাটের কাজ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।