মিরসরাইয়ে খুনি ওসমান গ্রেপ্তার
মিরসরাই থানার এএসআই বোরহান উদ্দিন হত্যা মামলার আসামি ও আন্তজেলা ডাকাত দলের সদস্য ওসমান গনিকে (২৯) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গত সোমবার রাত প্রায় সাড়ে ১১টায় উপজেলার করেরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রব জানান, বোরহান হত্যার পর ওসমান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে করেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় হত্যা, ডাকাতি, মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৬ এপ্রিল রাত প্রায় আটটায় মাদক কারবারি ধরতে গিয়ে উপজেলার হিঙ্গুলী এলাকায় মাদক কারবারিদের ছুরিকাঘাতেই খুন হন মিরসরাই থানার তৎকালীন এএসআই বোরহান উদ্দিন। স্থানীয় বাসিন্দারা জানান, করেরহাটে পলিথিন বিক্রির পাশাপাশি পকেটমার চক্রের সঙ্গে সখ্য ও চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়ার পর বিতাড়িত হয়ে আশ্রয় নেন গাজীপুরে। সেখানে ভাগিনা ওসমান নামে পরিচিত ছিলেন তিনি। মিরসরাই থানায় ওসমানের সঙ্গে কথা হলে গ্রেপ্তারের বিষয়টি ততটা আমলে না নিয়ে তিনি জানান, ‘এটা কোনো ব্যাপারই না। তিন বছর জেলে থাকলে তো সব শেষ। তারপর জামিনে বেরিয়ে আসব।’ স্থানীয়ভাবে খোঁজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গাজীপুরের সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে ওসমানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর অনেকটা গা-ঢাকা দিতে তিনি মিরসরাইয়ের করেরহাট এলাকায় অবস্থান করছিলেন।পরবর্তী সময়ে মাদক ব্যবসার পাশাপাশি, ছিনতাই, ডাকাতি, মোটরসাইকেল চুরি, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি। এলাকার লোকজন তাঁর অত্যাচারে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম এ কে ভূইয়া বলেন, অপরাধ জগতের ভয়ংকর লোক এই ওসমান। পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। করেরহাটের লোকজন তাঁর জ্বালায় অতিষ্ঠ ছিল।