মিরসরাইয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ
চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে একটি বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাদিনগর গ্রামের হোসেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল বশর অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টায় আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়। আগুন দেখে আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে দিলে আমরা ঘর থেকে বের হই। এ সময় রান্নাঘর, থাকার ঘরের আংশিক ও খড়ের গাদা পুড়ে যায়।’ এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আবুল বশর আরও অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী বশির আহম্মদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। সে একাধিকবার আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল।’
এ বিষয়ে মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী বলেন, উভয় ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠকও হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার রাতে আবুল বশরের রান্নাঘর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। তবে কে আগুন দিয়েছে, এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি চোখে দেখিনি, তাই বলতে পারব না।’