মিরসরাইয়ে চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে একটি এক্সকাভেটর ও ড্রামট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। পাহাড় কাটার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার জোরারগঞ্জ থানার পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের দরবার টিলা পাহাড় থেকে তিন দিন ধরে মাটি কাটা হচ্ছে। সরেজমিনে গতকাল দেখা গেছে, দরবার টিলায় ২০০৬ সালে বনায়নকৃত বাগানের গাছ কিছু লোক কাটছে। গাছ কাটা হলে সেখান থেকে চার লেন প্রকল্পের জন্য পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, নাছির উদ্দিন দিদার মাটিগুলো নিয়ে যাচ্ছে। পাহাড়ের মাটি বিক্রি করে ওই জায়গায় দিদার নিজস্ব বাংলো, কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করেছে। সরেজমিনে ঘটনার সত্যতা মিলেছে।
অভিযোগ সম্পর্কে নাছির উদ্দিন দিদার নিজেকে রেজা কনস্ট্রাকশনের প্রতিনিধি দাবি করে মুঠোফোনে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজের জন্য রেজা কনস্ট্রাকশন গোলাম মাওলা গংয়ের কাজ থেকে পাহাড়টি কিনে নেয়। পাহাড় কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যে অনুমোদনের কাগজপত্র হাতে চলে আসবে। তিনি স্বীকার করেন, অনুমোদনের কাগজ হাতে আসা ছাড়া পাহাড় কাটা ঠিক হয়নি। রেজা কনস্ট্রাকশনের সহকারী প্রকল্প ব্যবস্থাপক (ডেপুটি প্রজেক্ট ম্যানেজার) সাখাওয়াত হোসেন বলেন, চার লেনের মাটির জন্য ১০ একর পাহাড় কেনা আছে। তবে এ সময় তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর, একটি ড্রাম ট্রাকসহ আজমত আলী এবং আবদুর রহিম নামের দুজনকে আটক করা হয়েছে। তবে তারা একটি কাগজ দেখিয়ে বলছে, এটি অনুমোদনপত্র। এখন এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন বলেন, ওই পাহাড়টি রেলওয়ের সম্পদ। ওই পাহাড় থেকে কেউ এক ইঞ্চি মাটিও নিতে পারবে না। তাদের কোনো অনুমোদন নেই। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।