মিরসরাইয়ে চারটি হোটেলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ভেজালবিরোধী অভিযান চালিয়ে হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন এ অভিযান চালান।
এ সময় বাসি খাবার পরিবেশনের অভিযোগে উপজেলা সদরের পার্ক ইন রেস্টুরেন্টকে দুই হাজার, হামীম রেস্টুরেন্টকে পাঁচ হাজার, আল-মদিনা রেস্টুরেন্টকে এক হাজার ও সুরাইয়া হোটেলকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়। এসব হোটেল-রেস্টুরেন্টকে পরিবেশ উন্নয়নের জন্য এক দিন সময় বেঁধে দেওয়া হয়।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শঙ্কর প্রসাদ, মিরসরাই থানার উপপরিদর্শক পীযূষ কান্তিসহ পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন, পচা-বাসি খাবার বিক্রি ও নোংরা স্থানে খাবার তৈরির অভিযোগ ছিল। তাই এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হবে।