মিরসরাইয়ে ছাত্রফ্রন্টের ২ নেতাকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দলীয় বুলেটিন বিক্রি করার সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল নাগ ও মিরসরাই কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউনুছ শামীমকে ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নিজামপুর বাজারে এ ঘটনা ঘটে।বাসদ মিরসরাই উপজেলা শাখার সংগঠক আবদুস সালাম অভিযোগ করেন, ছাত্রফ্রন্টের কর্মীরা দলীয় বুলেটিন বিক্রি করছিলেন। বিশেষ বুলেটিনে তেল, গ্যাস, বন্দর রক্ষাসংক্রান্ত বিভিন্ন লেখা দেখে ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী আজিম, বাবু, লিটুসহ পাঁচ-ছয়জন যুবক খেপে যায়। তারা ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের কিল-ঘুষি দিয়ে বুলেটিন কেড়ে নেয় এবং সেগুলো ছিঁড়ে ফেলে। ছাত্রফ্রন্টের কর্মীরা এর প্রতিবাদ করলে তারা আরও খেপে গিয়ে তাঁদের পিটিয়ে আহত করে।তবে ছাত্রলীগ নিজামপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তুহিন বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের নাম প্রচার করেছে।’ বিষয়টি উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে বলেও তিনি জানান।