মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল হাশেম (২৩) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত প্রায় দেড়টায় উপজেলার বড়তাকিয়া বাজারের উত্তর পাশে আহতাবস্থায় তাঁকে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল হাশেম উপজেলার ইছাখালী ইউনিয়নের নন্দীগ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেমের ছোট ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত প্রায় দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় আবুল হাশেমকে এক পিকআপচালক পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি বাজারের লোকজনকে জানালে স্থানীয় লোকজন আবুল হাশেমকে উদ্ধার করে উপজেলা মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত আবুল হাশেম গত ২১ সেপ্টেম্বর উপজেলা দক্ষিণ মঘাদিয়া গ্রামে নিজের পছন্দে তাসলিমা আক্তারকে বিয়ে করেন। কিন্তু বিয়েটি তাঁর পরিবার মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাসলিমা আক্তার জানান, গত ৩০ নভেম্বর আবুল হাশেম ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় যান। এরপর প্রতিদিন ফোনে তাঁর সঙ্গে কথা হতো। সর্বশেষ বুধবার একটি অপরিচিত নন্বর থেকে তিনি ফোন করে ভালো আছেন বলে জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. রিপন জানান, আবুল হাশেমকে যখন হাসপাতালে আনা হয়, তখন তিনি ছিলেন মৃত। আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম জানান, নিহত আবুল হাশেম উপজেলার মাদবারহাট মাদ্রাসায় অধ্যয়নরত থাকার সময় ওই মাদ্রাসা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। কোনো দলের নাম উল্লেখ না করলেও আবুল হাশেমকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলে মাইনুর ইসলাম অভিযোগ করেন। তবে আবুল কাশেম জানান, তাঁর ছেলে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। তবে তাঁদের পরিবার আওয়ামী লীগ সমর্থন করে বলে তিনি জানান।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, নিহত ব্যক্তির মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তবে আঘাতটি কিসের, ময়নাতদন্তের আগে তা বলা যাচ্ছে না।