মিরসরাই উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক মাইনুর ইসলাম ওরফে রানার ওপর হামলায় সংগঠনটির বিক্ষুব্ধ কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা মহাসড়কের মিরসরাই সদর অংশ প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এর আগে সকাল ১০টার দিকে মহাসড়কের হাদি ফকিরহাট ও জোরারগঞ্জে সড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হলে অবরোধ প্রত্যাহার করেন ছাত্রলীগের কর্মীরা।জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই পৌর সদরের কোর্ট রোডে পুরাতন জনতা ব্যাংকের সামনে উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক মাইনুর ইসলামের (সাংসদ মোশাররফ হোসেনের সমর্থক) ওপর হামলা করেন প্রতিপক্ষ (উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের সমর্থক) ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় সোমবার রাতে রানা বাদী হয়ে আটজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন। আহত রানা বলেন, ‘সোমবার রাতে আমি কয়েকজন বন্ধু নিয়ে পুরাতন জনতা ব্যাংকের সামনে কথা বলছিলাম। এ সময় ছাত্রলীগ নামধারী মিল্টন, আরিফ, সুমন, করিম, জাহেদ, বাবু ও মমতাজের নেতৃত্বে একটি দল অতর্কিত হামলা করে এবং রড দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ এ ব্যাপারে ছাত্রলীগের অপর অংশের আহ্বায়ক দাবিদার মাইনুল ইসলাম ওরফে মিল্টন বলেন, ‘কোর্ট রোডে জুয়েল ভবনের একটি অন্ধকার কক্ষে কয়েকজন যুবক হেরোইন সেবন করছিলেন। আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে রানা, রাসেলসহ কয়েকজনকে দেখতে পাই। এ সময় মিরসরাই থানার পুলিশ এসে রানাকে উদ্ধার করে।’মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।