মিরসরাইয়ে ছাত্রলীগের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ছাত্রলীগের হামলায় বিএনপির দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আবদুল কাদের জিলানী (২৫) ও সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আমিন (৪২)।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদলের কর্মী সাইফুল ইসলাম ও মোশাররফ হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা।
আহত ব্যক্তিরা অভিযোগ করেন, উত্তর সাহেরখালীর দেলোয়ার হোসেনের ছেলে আবদুল কাদের জিলানী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভোরের বাজারের দোকানে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পরে ছাত্রলীগের ১০-১৫ জন শসস্ত্র কর্মী আবদুল কাদের জিলানী ও নুরুল আমিনকে কুপিয়ে গুরতর আহত করেন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে ভর্তি করেন। আবদুল কাদের জিলানীর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার শান্তি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন। তিনি অসুস্থ হওয়ায় ঘরেই ছিলেন জানিয়ে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। মাতৃকা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের বাঁ হাতের ক্ষতের পরিমাণ এত বেশি যে ভবিষ্যতে ওই হাতের কর্মক্ষমতা একেবারে শেষ হয়ে যেতে পারে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।