মিরসরাইয়ে ছয় মাসে ৩০০ মুরগির খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পোলট্রিশিল্পে বিপর্যয় দেখা দিয়েছে। খামারিদের অভিযোগ, হ্যাচারির মালিকেরা সিন্ডিকেট করে বাচ্চার কৃত্রিম সংকট সৃষ্টি করে দফায় দফায় দাম বাড়াচ্ছেন। খামারিরা জানান, প্রতিটি মুরগির বাচ্চার উত্পাদন খরচ ১৭ থেকে ১৮ টাকা হলেও গত মঙ্গলবার তাঁরা ৫৫ টাকায় বাচ্চা কিনেছেন। হ্যাচারির মালিকেরা বলছেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়া থেকে আসা গ্র্যান্ট প্যারেন্ট মুরগির (যে মুরগির ডিম থেকে বাচ্চা হয়) সরবরাহ কম। তাই চাহিদা অনুপাতে মুরগির বাচ্চা তাঁরা পাচ্ছেন না। দেড়-দুই মাসের মধ্যে এ সংকট সম্পূর্ণ কেটে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলাউদ্দীন জানান, এই উপজেলায় ৫৭৬টি পোলট্রি খামার রয়েছে। এর মধ্যে গত ছয় মাসে দফায় দফায় মুরগির বাচ্চার দাম বাড়ায় প্রায় ৩০০ খামার বন্ধ হয়ে গেছে। খামারগুলোর সঙ্গে জড়িত প্রায় ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এক হাজার বাচ্চার জন্য একটি ঘর তৈরি করতে খরচ হয় প্রায় দুই লাখ টাকা। সে হিসাবে ৩০০ ঘর তৈরি বাবদ লোকসান হয়েছে ছয় কোটি টাকা। সব মিলিয়ে খামারিদের লোকসান গুনতে হয়েছে প্রায় নয় কোটি টাকা। ক্রমেই এ লোকসানের পরিমাণ বাড়ছে। মো. আলাউদ্দীন অভিযোগ করেন, হ্যাচারির মালিকেরা একযোগে (সিন্ডিকেট) বাচ্চার উত্পাদন কমিয়ে দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন এবং দফায় দফায় বাচ্চার দাম বাড়াচ্ছেন। ফলে যেসব পোলট্রি খামার চালু আছে, সেগুলোও বন্ধ হওয়ার পথে। পোলট্রি অ্যাসোসিয়েশনের একাধিক সূত্র জানায়, একটি মুরগির বাচ্চা যদি ৫৫ টাকায় কিনতে হয়, তাহলে এক কেজি ওজনের মুরগিতে পরিণত হওয়া পর্যন্ত খাদ্য, ওষুধ, শ্রমিকের বেতন, বিদ্যুতের বিলসহ সব মিলিয়ে খরচ পড়বে ১৩০ টাকার বেশি। মিরসরাইয়ের বিভিন্ন বাজারে গত মঙ্গলবার মুরগির মাংসের কেজি ছিল ১৩৫ টাকা। বারইয়ারহাট পৌর বাজারের পোলট্রি ব্যবসায়ী জাবেদ ইকবালকে দেখে অনেকেই এ ব্যবসায় এসেছেন। তিনি প্রথম আলোকে জানান, ১৯৯১ সাল থেকে তিনি এই ব্যবসা করছেন। ভালোই চলছিল ব্যবসা। কিন্তু গত ছয় মাসে লোকসান গুনতে গুনতে এখন ব্যবসা পরিবর্তন করার চিন্তাভাবনা করছেন। কারণ, ইতিমধ্যে তিনি তিন হাজার বাচ্চার ধারণক্ষমতাসম্পন্ন ১৫টি শেড বন্ধ করে দিয়েছেন।পোলট্রি ব্যবসায়ী বড়তাকিয়া এলাকার সাইফুদ্দিন মানিক, দেয়খালী এলাকার নুরুল আবসার, চৈতন্যের হাট এলাকার মো. আবু জাফর জানান, বাচ্চার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সব কটি শেড বন্ধ করে দিয়েছেন তাঁরা। নাহার অ্যাগ্রোর (হ্যাচারি) মালিক রাকিবুল হাসান, কাজী ফার্মের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির খামারের মালিকদের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় উত্পাদিত গ্র্যান্ট প্যারেন্ট মুরগি বাংলাদেশে আমদানি করা হয়। বার্ড ফ্লুর কথা চিন্তা করে বিশেষ ওই মুরগি উত্পাদনকারী দেশগুলো এই উপমহাদেশের জন্য স্বল্প পরিমাণ মুরগি উত্পাদন করে। এ কারণে বাংলাদেশসহ এই উপমহাদেশে সংকট সৃষ্টি হয়েছে। তারই প্রভাব এখনো চলছে। দেড়-দুই মাসের মধ্যে এ সংকট কেটে যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। তাঁরা আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও থাইল্যান্ডে পোলট্রি খাত সম্পর্কে নীতিমালা থাকলেও বাংলাদেশে এ খাতে কোনো নীতিমালা নেই। এ খাতে সরকারের নজরদারি প্রয়োজন বলে তাঁরা মনে করেন। পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলাউদ্দীন জানান, আরও ২০ থেকে ২৫ দিন এ অবস্থা চলতে থাকলে মিরসরাইয়ের প্রায় সব পোলট্রি খামার বন্ধ হয়ে যাবে। তাহলে পোলট্রিশিল্পের সঙ্গে জড়িত ২০-২৫ হাজার মানুষ বেকার হয়ে পড়বে।