মিরসরাইয়ে জবাই করা মায়া হরিণ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ব্র্যাক পোলট্রি ও হ্যাচারি থেকে জবাই করা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মিরসরাই থানার পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে হরিণটি উদ্ধার করেন। এ অভিযোগে ব্র্যাক পোলট্রি ও হ্যাচারির দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।হ্যাচারিটি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকার পাহাড়ের কাছে কয়েক একর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে। হরিণ জবাইয়ের সঙ্গে ব্র্যাক পোলট্রি ও হ্যাচারির কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন বলে ব্র্যাকের এক কর্মকর্তা দাবি করেছেন।এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পাঁচ-ছয়জন লোক পোলট্রি ও হ্যাচারি ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে একটি মায়া হরিণ জবাই করেন। সংবাদ পেয়ে বড়তাকিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আশেক আহম্মদ, মিরসরাই বন বিভাগের বিট কর্মকর্তা জগদীশ চন্দ্র দেব, মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম, খইয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে হাজির হন। পরে জবাই করা হরিণটি উদ্ধার করা হয়।পুলিশ, বন কর্মকর্তা ও জনপ্রতিনিধির উপস্থিতিতে হ্যাচারির প্রহরী মো. তাজুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হামিদুল হক বলেন, ব্র্যাকের শ্রমিক মো. হারুন, রাজনসহ পার্শ্ববর্তী এলাকার সেকান্দর মিলে হরিণটি জবাই করেন।তবে ব্র্যাক পোলট্রি ও হ্যাচারির ব্যবস্থাপক আক্তারুজ্জামান জানান, হরিণ জবাইয়ের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে অন্যদের কাছ থেকে জেনেছেন, বহিরাগত পাঁচ-ছয়জন হ্যাচারি এলাকায় ঢুকে পাহাড় থেকে ধরে আনা হরিণটি জবাই করেন। এর সঙ্গে ব্র্যাক পোলট্রি ও হ্যাচারির কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন বলে দাবি করেন তিনি। হ্যাচারির চারপাশে সীমানাপ্রাচীর এবং গেটে একজন পাহারাদার থাকার পরও কীভাবে বহিরাগত ব্যক্তিরা ঢুকলেন, জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, এর আগেও একাধিকবার পাহাড় থেকে ধরে এনে ওখানে হরিণ জবাই করা হয়েছে।মিরসরাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিছ মিয়া জানান, জবাই করা হরিণটি উদ্ধারের পর চামড়া রেখে মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।