মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় জহির উদ্দিন (৪০) নামের একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন: আবু জাফর, শাহাব উদ্দিন, শামসুর নাহার বেগম, রিনা আক্তার ও শিশু নাহিদা আক্তার মাহি। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে শামসুর নাহার বেগমের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ধনগাজী ভূঁইয়াবাড়িতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার সকালে চিকিত্সাধীন অবস্থায় জহির মারা যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ ওয়াহেদপুর এলাকার বাসিন্দা আবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার জহিরের বিরোধ চলে আসছে। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। শনিবার রাতে আবুল হোসেন এবং তাঁর দুই ছেলে হাসান ও ইমামের নেতৃত্বে ১০-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী জহিরকে একা পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে পরিবারের অন্য সদস্যদের ওপরও হামলা করে তারা। আশঙ্কাজনক অবস্থায় জহির উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রোববার সকাল নয়টায় জহির মারা যান। জহিরের ছোট ভাই আবু জাফর বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা করেছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, এ বিষয়ে মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।