মিরসরাইয়ে জিনের বাদশাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে নিজেকে জিনের বাদশা পরিচয় দেওয়া রুনা বেগম (৪০) ও তাঁর সহযোগী পারভীন আক্তারকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা।

গতকাল রোববার দুপুরে আমবাড়িয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে প্রতারক দুই নারীকে আটক করা গেলেও অপর পুরুষ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহূত দুটি মূর্তি, আটটি তামার পাতিল ও দুটি মুঠোফোন উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া পারভীন আক্তার ফেনীর দমদমা এলাকার কাটাছড়া গ্রামের রুবেল হোসেন ওরফে নিজাম উদ্দিনের স্ত্রী। রুনা বেগম মিরসরাইয়ের মিঠাছড়া এলাকার গড়িয়াইশ গ্রামের লাতু মিয়া খোনার বাড়ির লাতু মিয়ার স্ত্রী।

আমবাড়িয়া এলাকার আইতুন নেছা জানান, আটক হওয়া রুনা বেগম রোগমুক্তি ও গুপ্তধন পাওয়ার কথা বলে তাঁর ও তাঁর দুই মেয়ের কাছ থেকে মোট সাত লাখ টাকা হাতিয়ে নেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে ধৃত ব্যক্তিরা দোষ স্বীকার করেছেন।