মিরসরাইয়ে জেলেরা সাগরে যাচ্ছেন না জলদস্যুর ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় ২৯টি জেলেপাড়ার প্রায় সাড়ে তিন হাজার জেলে জলদস্যুর ভয়ে সাগরে যাচ্ছেন না। আসন্ন ইলিশ ধরার মৌসুমেও (আগস্ট-অক্টোবর) তাঁরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।সাংসদ সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন নির্বাচনের আগে উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড স্থাপনের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।উপকূলীয় অঞ্চলের জেলে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার করেরহাট, জোরারগঞ্জ, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিঠানালা, মঘাদিয়া, মায়ানী, হাইতকন্দি ও শাহেরখালী ইউনিয়নের উপকূলে ২০ হাজার জেলের বাস। তাঁদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জেলে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।শাহেরখালী ইউনিয়নের শাহেরখালী জেলেপাড়ার বাবুল জলদাশ এবং ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী জেলেপাড়ার কাঙ্গাল জলদাশ জানান, প্রশাসনের কাছে এবং স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের কাছে জলদস্যুদের ব্যাপারে অনেকবার লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়েছে। অভিযোগ করলে জেলে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন নেমে আসে। তাঁরা আরও জানান, জলদস্যুরা কোম্পানীগঞ্জ, চরচান্দিয়া, আদর্শগ্রাম (কোম্পানীগঞ্জ), লক্ষ্মীর চর (সন্দ্বীপ) এলাকার বাসিন্দা। দস্যুরা মুখোশ পরে ইঞ্জিনবোট ও অস্ত্র নিয়ে হামলা চালায়। জেলেরা মাছ বা টাকা দিতে অস্বীকার করলে জাল ও নৌকা নিয়ে যায়। পরে টাকা পরিশোধ করে সেগুলো ফেরত আনতে হয়। জেলেরা গত এক সপ্তাহ ধরে দস্যুদের ভয়ে সাগরে যেতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন বলেও জানান। এর আগে মিরসরাইয়ের জেলেরা গত বছরের ১ নভেম্বর থেকে এ বছরের ৩১ মে পর্যন্ত ইলিশ প্রজননের মৌসুমে সরকারি নির্দেশনা মেনে সাগরে যাননি।মিরসরাইয়ের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মৃণাল কান্তি মজুমদার জেলেদের অভিযোগ সত্য বলে স্বীকার করেন। তিনি জেলেদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য কোস্টগার্ড স্থাপন এবং ইলিশের প্রজনন মৌসুমে সরকারি সাহায্য জরুরি হয়ে পড়েছে।সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল সীতাকুণ্ড) রুহুল আমিন সিদ্দিকী জানান, কোস্টগার্ডের একটি দল মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে টহল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা (কোস্টগার্ড) ইতিমধ্যে উপকূলের বিভিন্ন স্থান ঘুরে গেছে। সুবিধামতো জায়গা পেলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করবে।মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ওখানে তো কোস্টগার্ড গিয়েছে। কাজও করছে। জেলেরা ২১ জুন ভয়ে সাগরে যায়নি বলার পর তিনি ‘এখনই এ ব্যাপারে খবর নিচ্ছেন’ বলে জানান।