মিরসরাইয়ে ঝরনার পানিতে ডুবে মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়ে পাথরে পা পিছলে পড়ে পানিতে ডুবে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তাঁর নাম অনিমেষ দে (২৭)। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মৃত নিরঞ্জন দের ছেলে তিনি।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনা থেকে তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিরসরাই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নুরুন্নবী প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে অনিমেষ দে তাঁর তিন বন্ধুকে নিয়ে গতকাল দুপুরে ঝরনা দেখতে আসেন। একপর্যায়ে পা পিছলে তিনি পানিতে ডুবে যান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করে মিরসরাই থানায় হস্তান্তর করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুইয়া গত রাতে প্রথম আলোকে বলেন, প্রকৌশলীর লাশ থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।